তীব্র দাবদাহে ইতালিতে পাঁচজনের মৃত্যু, ১৭ শহরে রেড অ্যালার্ট জারি
ফাইল ছবি
তীব্র দাবদাহে ইতালিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির ১৭টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এদিকে যুক্তরাজ্যে ৫০ বছরের ইতিহাস ভেঙে এক দিনেই তিনবার জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। তীব্র গরমের কারণে বেলজিয়ামে বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্র।
চলতি বছরে তৃতীয়বারের মতো তীব্র তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপ। তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমের কারণে ফ্রান্সের ৯৬টি অঞ্চলের মধ্যে অর্ধেকেরও বেশি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটির সরকার।
যুক্তরাজ্যে এবার একদিনেই তিন তিনবার ভেঙেছে জুন মাসের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেশটির দক্ষিণ উপকূলের হ্যাম্পশায়ারের গোসপোর্ট শহরে পারদ ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর আবহাওয়া অফিস একে জুনের ইতিহাসের উষ্ণতম দিন হিসেবে নিশ্চিত করে।
এর আগে ১৯৭৬ সালের ঐতিহাসিক দাবদাহের সময় রেকর্ড হওয়া ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডটি দীর্ঘ ৫০ বছর ধরে অক্ষত ছিল। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় দেশটিতে জারি থাকা অত্যন্ত বিরল ‘রেড এক্সট্রিম হিট ওয়ার্নিং’ আজ বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।
এর মধ্যে তীব্র দাবদাহে ইতালিতে কয়েজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি অবনতি হওয়ায় ইতালির ১৭টি শহরে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করেছে দেশটির প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের গরম এতটাই বিপজ্জনক যে কেবল শিশু বা বয়স্করাই নন, সম্পূর্ণ সুস্থ ব্যক্তিরাও তীব্র স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।
এদিকে অস্বাভাবিক গরমের কারণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আইকনিক পর্যটন কেন্দ্র ‘অ্যাটমিয়াম’ প্রতিদিন বিকেলে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, ‘ওমেগা ব্লক’ নামের একটি বিশেষ বায়ুমণ্ডলীয় অবস্থার কারণে ইউরোপের আকাশে গরম বাতাস আটকে পড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এমন চরম পরিস্থিতিতে সুইজারল্যান্ডের জেনেভায় প্রবীণ নাগরিকদের স্বস্তি দিতে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। তীব্র গরম থেকে বাঁচতে শহরের বয়স্ক বাসিন্দাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হলগুলোতে বিনামূল্যে চলচ্চিত্র দেখার সুযোগ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।