এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ফাইল ফটো

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রদেশটির বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, শুক্রিবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেলে ৪:৪৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোহলু শহর থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, কোহলু ছাড়াও ঝোব, বারখান ও রাখনি এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিত ২ এবং এর কেন্দ্রস্থল ছিলে বারখানের উত্তর-উত্তরপূর্বে ১০ কিলোমিটার গভীরে। 

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তীব্র কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

প্রসঙ্গত, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত- আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়— যা দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি করে এবং একাধিক ফল্ট লাইন থাকায় টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে; ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভুত হয়।

সর্বশেষ গত সোমবার দেশটির খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও ইসলামাবাদের কিছু অংশ ৫.৪ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে, যার উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। 
 সূত্র: ডন