স্কুলছাত্র গুলিবিদ্ধে জড়িতরা যেখানেই থাকুক খুঁজে বের করা হবে : ডিআইজি
সংগৃহীত ছবি
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বাড়িঘরে হামলা ও গুলি বর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান।
শুক্রবার (২৬ জুন) বিকেলে তিনি কাটাবিল এলাকায় পরিদর্শনের গিয়ে গুলিবিদ্ধ ইথানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা যেখানেই থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে ধারাবাহিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ জনসহ মোট ১২ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে পৃথক মানববন্ধন করে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর শাখা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব শাখা। মানববন্ধনে বক্তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার বাবা ইউনুছ মিয়া।
তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ঝুঁকি থাকায় চিকিৎসকরা গুলি বের করেননি। পরে সন্ধ্যায় ছেলেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও গুলি অপসারণ করা হয়নি। গুলিবিদ্ধ স্থানে এখনও রক্তক্ষরণ হচ্ছে এবং রক্ত দিতে হচ্ছে। বড় সার্জন এলে অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, গুলিটি ইথানের ফুসফুস পর্যন্ত আঘাত করেছে। তাই ঝুঁকি এড়িয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে অস্ত্রোপচার করে গুলি বের করার আশা করা হচ্ছে।
এ বিষয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, গুলিবিদ্ধ স্কুলছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেছি। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এবং আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার দায় এড়াতে পারি না। তবে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে কাটাবিল এলাকায় 'নাগরিক কমিটি'র উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং গুলি ছোড়ে। এতে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমসহ অন্তত সাতজন আহত হন। গুরুতর আহত ইথানকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।