রূপগঞ্জে পানিতে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু, নিখোঁজ এক

রূপগঞ্জে পানিতে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু, নিখোঁজ এক

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় পানিতে ডুবে আফসানা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত আফসানা ওই এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে। 

এছাড়া উপজেলার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুপুর থেকে নিখোঁজ রয়েছে জুরাইদ (৭) নামে আরেক শিশু। রাত দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে উদ্ধারের চেষ্টা চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় বৃষ্টিতে গোসল করার কথা বলে আফসানা বাসা থেকে বের হয়। কিন্তু বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাসার পাশের একটি পুকুরে আফসানাকে পাওয়া যায়। দ্রুত তার স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে উপজেলার নোয়াপাড়া এলাকার মাকসুদের ছেলে জুরাইদ (৭) দুপুর থেকে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শীতলক্ষ্যা নদীর পাড়ে এক সিসিটিভি ফুটেজে নদীতে নামার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।