আশুরার শোক মিছিলে হিটস্ট্রোকে কাসেদ দলের সদস্যের মৃত্যু

আশুরার শোক মিছিলে হিটস্ট্রোকে কাসেদ দলের সদস্যের মৃত্যু

প্রতিকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পবিত্র আশুরার মাতম (শোক মিছিল) চলাকালে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বাবু শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

​ শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাবু শেখ দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট এলাকার গফুর মণ্ডলপাড়া গ্রামের মৃত হামেদ শেখের ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ জুন থেকে বাবু শেখ মহররমের কাসেদ দলের সঙ্গে মাতমে অংশ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শোক মিছিল করে আসছিলেন। শুক্রবার দুপুরে উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়ার মোকসেদ মৃধার ইমামবাড়ির সামনে শোক মিছিল পৌঁছালে তিনি হঠাৎ প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় কাসেদ দলের অন্য সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরিফুল ইসলাম জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করায় তার মৃত্যু হয়েছে।

​বাবু শেখের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও কাসেদ দলের সদস্যদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।