গুলশান সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ফল বিতরণ

গুলশান সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ফল বিতরণ

সংগৃহীত ছবি

পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে পথশিশু, রিক্সা চালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। 

শনিবার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত এই উৎসবে তাদের মাঝে বিভিন্ন ধরনের মৌসুমী ফল বিতরণ করা হয়।

গুলশানের বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সংগৃহীত এসব মৌসুমী ফল সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হয়। 

এ সময় গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতসহ সোসাইটির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‌‘আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তার মধ্যে অভাবগ্রস্ত মানুষেরও অধিকার রয়েছে। তাই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। গুলশানের বাসিন্দারা নিজেদের ঘরের ফল সেই মানুষদের সঙ্গে ভাগ করে নিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটিই একটি সভ্য ও সহমর্মী নগরীর প্রকৃত পরিচয়।’

গুলশান সোসাইটি জানিয়েছে, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।