লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত
প্রতিকি ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় আসামি গ্রেফতারে গিয়ে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, চুরি ও মাদক মামলার আসামি রাশেদকে গ্রেফতার করতে গেলে সে ও তার সহযোগীরা এসআই রুহুল আমিন এবং এএসআই লতিফের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত এসআই রুহুল আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।