লেবানন-ইসরায়েলের চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

লেবানন-ইসরায়েলের চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে স্বাক্ষরিত ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যকার নিরাপত্তা চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 

শনিবার (২৭ জুন) এক বিবৃতিকে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই চুক্তিকে লেবাননের জন্য একটি ‘অপমানজনক আত্মসমর্পণ’ এবং ‘অবৈধ’ বলে ঘোষণা দেন। 

মূলত, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কয়েক দফা আলোচনার পর গতকাল শুক্রবার ইসরায়েল ও লেবানন সরকারের প্রতিনিধিরা এই কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি দক্ষিণ লেবাননের কিছু অংশ থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত রাখা হয়েছে। তবে চুক্তির পরবর্তী বাস্তবায়ন সাপেক্ষে ইসরায়েলি বাহিনীকে আপাতত বর্ধিত নিরাপত্তা অঞ্চলে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়াও চুক্তিতে হিজবুল্লাহর অস্ত্র ত্যাগ ও গোষ্ঠীটি সর্ম্পূণ ভেঙে ফেলার শর্ত রাখা হয়েছে। তবে বিবৃতিতে নাঈম কাসেম এই শর্তকে ‘রেড লাইন’ বা চরম সীমা অতিক্রমকারী প্রস্তাব বলে উল্লেখ করে তা সরাসরি নাকচ করে দেন।

তিনি অভিযোগ করেন, চুক্তিতে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের কোনো স্পষ্ট সময়সীমা বা বাধ্যবাধকতা রাখা হয়নি। উল্টো শর্ত বাস্তবায়ন সাপেক্ষে ইসরায়েলি বাহিনীকে একটি নির্দিষ্ট ‘নিরাপত্তা অঞ্চলে’ অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।

নাঈম কাসেম আরও বলেন, শুক্রবারের ওয়াশিংটন চুক্তির পরিবর্তে চলতি মাসের শুরুর দিকে হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক; যা লেবাননের আঞ্চলিক অখণ্ডতার নিশ্চয়তা দেয়, সেটিই সংঘাত অবসানের ভিত্তি হওয়া উচিত।

ইরান সর্মর্থিত গোষ্ঠীটি এই চুক্তি লেবাননের সার্বভৌমত্বকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার শামিল উল্লেখ করেছে এবং কোনো শর্ত ছাড়াই ইসরায়েলকে লেবানন থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। 

এদিকে হিজবুল্লাহর এই কঠোর অবস্থানের পর বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় তীব্র উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গোষ্ঠীটির শত শত সমর্থক মোটরসাইকেল নিয়ে লেবাননের রাজধানী বৈরুতের মূল সড়ক এবং বিমানবন্দর সংযোগ সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। অনেক জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে। 

অন্যদিকে চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরেই এবং হিজবুল্লাহর প্রত্যাখ্যানের পরপরই দক্ষিণ লেবাননে নতুন করে ড্রোন ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

ইসলায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হুমকি দূর না হওয়া পর্যন্ত লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান বন্ধ করবে না।

সূত্র: রয়টার্স, আলজাজিরা