সিঙ্গাপুর বিমানবন্দরে চুরি, দুই বছর পর ব্রিটিশ নাগরিক গ্রেফতার
প্রতিকী ছবি
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের একটি দোকান থেকে ডেনিমের জ্যাকেট চুরির অভিযোগে এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।চুরির ঘটনার প্রায় দুই বছর পর বিমানবন্দরে ট্রানজিটের সময় তাকে গ্রেফতার করা হয়।
সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ১৪ আগস্ট সন্ধ্যায় চাঙ্গি বিমানবন্দরের শপিং এলাকায় একটি দোকানের কর্মী একটি ম্যানিকুইনে রাখা নীল রঙের ডেনিম জ্যাকেট দেখতে না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
জ্যাকেটটির মূল্য ছিল প্রায় ৩৫০ সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ হাজার টাকার কাছাকাছি।
পুলিশের তদন্তে দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ম্যানিকুইন থেকে জ্যাকেটটি খুলে নেন এবং কোনও মূল্য পরিশোধ না করেই দোকান থেকে বেরিয়ে যান।
তদন্তের মাধ্যমে পুলিশ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সক্ষম হলেও ততক্ষণে তিনি সিঙ্গাপুর ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর তার বিরুদ্ধে তদন্ত চলতে থাকে।
অবশেষে চলতি বছরের ১৫ আগস্ট সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে ট্রানজিটের সময় ২৬ বছর বয়সী ওই ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়।
সিঙ্গাপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দোকান থেকে চুরির ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সতর্ক করে বলেছে, কোনও অপরাধ করার পর সিঙ্গাপুর ছেড়ে গেলেই অপরাধীরা শনাক্ত হওয়া বা আইনের আওতায় আসা থেকে রেহাই পাবে—এমনটি মনে করার কোনও কারণ নেই।
পারফিউম চুরির অভিযোগে পোলিশ নারীও গ্রেফতার
একই বিবৃতিতে পুলিশ বিমানবন্দরে চুরির অভিযোগে আরেক নারীকে গ্রেফতারের ঘটনাও জানিয়েছে।
পুলিশের তথ্যমতে, ১১ জুন চলতি বছর চাঙ্গি বিমানবন্দরের একটি টার্মিনালের বিভিন্ন দোকান থেকে ৫০ বছর বয়সী এক পোলিশ নারী দুটি পারফিউমের বোতল চুরি করেন।
ওই নারীকে বিমানবন্দরের ট্রানজিট এলাকায় গ্রেফতার করা হয়। তিনি সিঙ্গাপুর ছাড়ার জন্য বিমানে ওঠার কিছুক্ষণ আগেই পুলিশের হাতে ধরা পড়েন।
মঙ্গলবার তার বিরুদ্ধেও চুরির দুটি অভিযোগ আনা হয়েছে।
সিঙ্গাপুরের আইনে চুরির অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
চাঙ্গি বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ায় সেখানে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা অত্যন্ত কঠোর। সাম্প্রতিক দুটি ঘটনায় সিঙ্গাপুর পুলিশ আবারও স্পষ্ট করেছে, বিমানবন্দরে চুরি করে দেশ ছেড়ে পালালেও দীর্ঘ সময় পর অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব।