৩৪ বছর পর সিনেট সভায় অংশ নিচ্ছেন জাকসুর পাঁচ প্রতিনিধি

৩৪ বছর পর সিনেট সভায় অংশ নিচ্ছেন জাকসুর পাঁচ প্রতিনিধি

ফাইল ছবি

দীর্ঘ প্রায় ৩৪ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ছাত্র প্রতিনিধিরা। তবে ছাত্রত্ব না থাকায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু এবং জিএস মাজহারুল ইসলাম সিনেট অধিবেশনে অংশ নিতে পারছেন না। তাদের পরিবর্তে জাকসুর পক্ষ থেকে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি আজকের সিনেট সভায় অংশ নেবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাকসুর কার্যনির্বাহী সভায় প্রাথমিকভাবে প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত হয়। শনিবার (২৭ জুন) বেলা ১১টায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় জাকসুর প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে বাকি দুই প্রতিনিধির নাম চূড়ান্ত করেন।

সিনেটে মনোনীত পাঁচ প্রতিনিধি হলেন—জাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল ফাহিম, নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা, সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক সাফায়েত মীর এবং কার্যনির্বাহী সদস্য আবু তালহা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৯(২) ধারায় বলা হয়েছে, ‘ছাত্র প্রতিনিধিরা যদি ছাত্র না থাকেন, তবে তাদের সিনেট সদস্যপদ বাতিল হয়ে যাবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই বিধান অনুযায়ী জাকসুর জিএস মাজহারুল ইসলামের ছাত্রত্বের মেয়াদ শেষ হয়েছে এবং তিনি ইতোমধ্যে আবাসিক হলের আসন ছেড়ে দিয়েছেন। অন্যদিকে, নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করতে না পারায় ভিপি আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয় থেকে ড্রপআউট (ঝরে পড়া) হয়েছেন। তবে ছাত্রত্ব হারালেও তিনি এখনো আবাসিক হল ছাড়েননি।

এ বিষয়ে জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “অছাত্র কোনো ব্যক্তির ছাত্র প্রতিনিধি হিসেবে সিনেট সদস্য হওয়া আইনবহির্ভূত। এ কারণেই ভিপি ও জিএস এই সভায় অংশ নিচ্ছেন না।”

ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণের পাশাপাশি আজকের সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বাজেটও অনুমোদন করা হবে। জানা গেছে, সভায় ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার মূল বাজেট এবং ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ২৫ লাখ টাকার সংশোধিত বাজেট পাস করা হবে।