আর্জেন্টিনাকে এড়াতেই কি এত বাজে খেলেছে পর্তুগাল?

আর্জেন্টিনাকে এড়াতেই কি এত বাজে খেলেছে পর্তুগাল?

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের ব্র্যাকেটটা আগেই পরিষ্কার ছিল। লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর সুযোগ ছিল বিশ্বকাপে সাক্ষাৎ করার। তবে পর্তুগাল আজ কলম্বিয়ার সঙ্গে ড্র করতেই বদলে গেল হিসাব নিকাশ। আর্জেন্টিনাকে এড়িয়ে গেছে পর্তুগাল। 

আজ শুরু থেকেই ম্যাচে দ্বিতীয় শ্রেয়তর দল ছিল পর্তুগাল। বলের দখল থেকে প্রতিপক্ষ গোলমুখে শট, সব দিক থেকেই এগিয়ে ছিল কলম্বিয়া। একটু এদিক সেদিক হলে পর্তুগালকে হেরেই বসতে হতো। তবে শেষমেশ গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে রোনালদোর দল। 

এই ড্রয়ের ফলে কলম্বিয়া কে গ্রুপের শীর্ষে থেকে শেষ করেছে। আর পর্তুগাল দ্বিতীয় দল হিসেবে গেছে নকআউটে। তাতেই নকআউটের হিসাব নিকাশ বদলে গেছে। পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হলে যে ব্র্যাকেটে থাকত, তার উল্টো ব্র্যাকেটে গিয়ে পড়েছে দলটি। গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেলে, ওদিকে আর্জেন্টিনাও গ্রুপসেরা হয়ে শেষ ৮ পর্যন্ত খেলতে পারলে এই লড়াইটা হতো পর্তুগাল-আর্জেন্টিনার। এখন পর্তুগালের জায়গায় সেই লড়াইটা হতে পারে আর্জেন্টিনা আর কলম্বিয়ার, যদি দুই দল সে পর্যন্ত যেতে পারে আরকি!

তাহলে কি আর্জেন্টিনা আর পর্তুগালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই? আছে, সেটা ফাইনালে। 

আর্জেন্টিনা গ্রুপ জে-তে প্রথম হয়েছে। তারা রাউন্ড অব ৩২-তে কেপ ভার্দের বিরুদ্ধে খেলবে। পর্তুগাল গ্রুপ কে-তে দ্বিতীয় হয়েছে। তারা রাউন্ড অব ৩২-তে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। দুটি দল এখন চলে গেছে ব্র্যাকেটের দুই দিকে। তাই তারা ফাইনালের আগে কোনো ম্যাচে মিলতে পারবে না।

সবচেয়ে অবাক করার বিষয় হলো, মেসি-রোনালদোর পুরো ক্যারিয়ারে দুই দল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচে কখনো মুখোমুখি হয়নি। শুধু এই যুগে নয়, ইতিহাসে কখনোই আর্জেন্টিনা আর পর্তুগাল একে অপরের বিরুদ্ধে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। তাই যদি এই ফাইনাল হয়, সেটা হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে প্রথম দেখা।

স্বপ্নের এই ফাইনাল এখনও সম্ভব। তবে দুই দলকে এখনও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে।