দেশের শিক্ষিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার কাজ চলছে - শিক্ষা মন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন//ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের লেভেল-১/টার্ম-১-এর স্নাতক শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে উক্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক সভাপতি এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চোধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বুয়েটের মতো শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবার সুযোগ পাওয়ার জন্য সবাইকে অভিনন্দন জানানোর পাশাপাশি বলেন, ‘দেশের শিক্ষিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমরা কাজ করছি। এজন্য অন্যতম গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে আজকের শিক্ষার্থীরা। দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’
মাহ্দী আমিন বলেন, ‘সরকারের অন্যতম লক্ষ্য এমন শিক্ষা নিশ্চিত করা, যা শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করবে। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকবে এবং শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রস্তুত হবে।’
বুয়েট উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘একটি কঠিন ভর্তি যুদ্ধ অতিক্রম করে তোমরা বুয়েটে স্থান পেয়েছো। এর সদ্ব্যবহার করতে হবে। বুয়েটের নিয়ম-শৃঙ্খলা মধ্যে থেকে নির্ধারিত সময়ের মধ্যেই কোর্স সম্পন্ন করতে হবে। বিদেশে উচ্চ শিক্ষা নাও, তবে দেশের প্রতি দ্বায়বদ্ধতা থাকতে হবে।’
উপ-উপাচার্য বলেন, ‘বুয়েটে ভর্তি হতে পারায় সামাজিকভাবে তোমার গ্রহনযোগ্যতা তৈরি হয়েছে। তোমরা এখন বুয়েটের প্রতিনিধিত্ব করছো। তাই দেশের প্রতি তোমাদের দায়িত্ব অনেক।’
রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়ার সঞ্চালনায় পরিচিতি অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ। অনুষ্ঠানে সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট, সেন্টার, দপ্তর ও পরিদপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।