বকেয়া পারিশ্রমিক শোধ করছেন না পরিচালক, অভিযোগ পারসা ইভানার
ফাইল ফটো
নাট্য নির্মাতা ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে বকেয়া পারিশ্রমিক শোধ না করার অভিযোগ এনেছেন অভিনেত্রী পারসা ইভানা। বিষয়টি নিয়ে সামাজিক একটি পোস্ট করেছেন তিনি।
সেখানে লিখেছেন, ‘আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে ফারহাদ আহমেদ ইশান সম্পর্কে কিছু কথা বলতে চাই। গত সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি। শুধু আমি নই—টিমের আরও অনেক সদস্য এখনও তাদের পাওনা বুঝে পাননি। আমাকে উনি টাকা দিয়েছেন তবে কিছু টাকা এখনও পরিশোধ করতে পারেননি। সেটা আমি বাদ দিয়েছি কিন্তু আমার টিমের কেউ টাকা পাননি যেটা আর্টিস্ট হিসেবে আমারও দায়িত্ব।’
এরপর লেখেন, ‘আমার নিজের টাকা না পেলেও হয়তো মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা? যে ছেলেটা নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে, একটা ভালো সুযোগের আশায় কঠোর পরিশ্রম করছে, তার প্রাপ্যটুকু কি সে পাবে না? আরও অনেক মানুষের পাওনা নিয়ে কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও প্রশ্নের বিষয়।’
সবশেষে অভিনেত্রী লেখেন, ‘আমি চাই, আমাদের ইন্ডাস্ট্রির সবাই এই বিষয়টি দেখুক এবং সচেতন হোক। কোনো কাজ শুরুর আগে যথাযথ খোঁজখবর নিন, সব চুক্তি ও আর্থিক বিষয় লিখিতভাবে নিশ্চিত করুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন। আমরা নিশ্চয়ই এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অসততা ও প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান সেখানে থাকা উচিত নয়।’
ফারহাদ আহমেদ ইশান
বিষয়টি নিয়ে ঢাকা মেইলকে পারসা বলেন, ‘‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নামে একটি ওয়েব কনটেন্টে কাজ করেছিলাম ওনার (ফারহাদ আহমেদ ইশান) সঙ্গে। ডিসেম্বর-জানুয়ারির দিকে সম্ভবত। গল্পটা সুন্দর ছিল। চারদিনের শুটিংয়ের কথা ছিল।’’
এরপর বলেন, ‘কিন্তু শেষের দিন শুটিং ফেঁসে যায়। কয়েকটি দৃশ্য ধারণ বাকি থাকে। ওইদিন মধ্যরাতে প্যাকআপ করে উনি আমাকে বলেন একটু সমস্যা হয়েছে টাকাটা কাল-পরশু দিচ্ছি। কিন্তু দুই দিনের জায়গায় চারদিন হলেও পারিশ্রমিক পাইনি। বাকি দৃশ্যগুলোর শুটিংও আর হয়নি।’
পারসার কথায়, ‘কাজটি মুক্তির সময় ঘনিয়ে এলে দেখি ট্রেলার প্রকাশ করা হয়েছে। সুন্দর হয়েছিল ট্রেলারটি। তখন ওনাকে প্যাচ শুটের কথা বলার পাশাপাশি পারিশ্রমিক চাই। উনি বলেন, প্যাচ শুটের তারিখ তখনই দেব যখন আপনার টাকা পরিশোধ করতে পারব। কিন্তু প্যাচ শুট না করেই কাজটি মুক্তি দিয়ে দিলেন! অথচ গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং বাদ ছিল।’
বিস্ময় প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘একজন পরিচালক কতটা অসৎ হলে এরকম একটি অসম্পূর্ণ কাজ প্রকাশ করে। ফলে আমি ঠিকমতো প্রচারণাও চালাইনি। ভেবেছিলাম অনেক দিন পর দেশে এলাম ভালো কিছু কাজ করব। কিন্তু সম্পূর্ণ হতাশ হই।’
পারসা জানান কাজটি মুক্তি পেলেও পারিশ্রমিক পাচ্ছিলেন না তিনি। বলেন, ‘কাজটি প্রকাশের পরও পারিশ্রমিক শোধ করছিলেন না। চাইলে বাবা-মা অসুস্থতার অজুহাত দিতেন। কখনও কখনও ফোন ধরতেন না। দশ-পাঁচ হাজার করে শোধ করছিলেন। এখনও কিছু টাকা বাকি আছে। কিন্তু তিনি একের পর এক অজুহাত দিচ্ছেন এবং তারিখ নিচ্ছেন। যদিও বকেয়ার পরিমাণ অল্প কিন্তু আমার তো এটা পেশা। পারিশ্রমিক আমার প্রাপ্য।’
পারসা বলেন, ‘সাত মাস হলো এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে। তিনি শুধু আমার পারিশ্রমিক-ই ঝুলিয়ে রাখেননি। অন্য শিল্পীদের পারিশ্রমিকও পুরোপুরি শোধ করেনি। এমনকি প্রোডাকশন বয়ের পাওনা-ও বকেয়া রেখেছেন। আমি চাই সবাই তাদের প্রাপ্য বুঝে পাক। গেল ১৬ জুন আমাকে তিনি জানান, ২৮ তারিখ পারিশ্রমিক শোধ করবেন। অথচ আজ ২৮ জুন তিনি তা করেননি। এরইমধ্যে বিষয়টি নিয়ে অভিনয় সংঘে মৌখিকভাবে জানিয়েছি।’
ইশানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের চারদিনের শুটিং ছিল। শেষ দিনের শুটিং ফেঁসে যায় পারসা ইভানার কারণে। তার অসহযোগিতাপূর্ণ আচরণের জন্য সেদিন কয়েকটি দৃশ্যের শুটিং করতে পারিনি আমি। এরপর শিল্পীদের শিডিউল না পাওয়ায় কাজটি শেষ করতে পারছিলাম না। ফলে প্রযোজনা সংস্থার কাছে বিল আটকে ছিল। শেষে বাধ্য হয়ে কিছু দৃশ্য রেখেই কাজটি মুক্তি দিতে হয় আমাকে। এরপর বাবা-মায়ের অসুস্থতাজনিত কারণে বড়সড় আর্থিক সঙ্কটে পড়ি। ফলে শোধ করতে বিলম্ব হয়ে যায়। যদিও এরমধ্যে ওনার (পারসা ইভানা) অধিকাংশ টাকা শোধ করেছি। বাকিটাও শোধ করে দেব।’
সৈয়দ নাফিস
সংগীত পরিচালক সৈয়দ নাফিসও পরিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ এনেছেন ইশানের বিরুদ্ধে। তিনি বলেন, ‘‘ইশান পরিচালিত ‘বাতাসের ফুল’ নামের একটি নাটকে সংগীত পরিচালনা করেছিলাম। রোজার ঈদের প্রজেক্ট ছিল। আজও পারিশ্রমিক দেননি তিনি। একবার সমাধানের জন্য বসাও হয়। তিনি দুই মাসে শোধ করবেন জানিয়ে স্বীকারোক্তিনামায় সই করেন। কিন্তু নির্ধারিত সময়ে পারিশ্রমিক শোধ করেনি। এখনও তারিখ দিয়েই যাচ্ছেন।’’
‘বাতাসের ফুল’-এর ‘হয়নিতো ভুল’ গানে নাফিসের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌমিতা বড়ুয়া। ইশান তার পারিশ্রমিকও বকেয়া রেখেছেন বলে জানালেন গায়িকা।
পারসা ছাড়াও কয়েকজন পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ এনেছেন জানালে এ পরিচালক জানান শিগগিরই সবার বকেয়া শোধ করে দেবেন তিনি।