স্থগিত হয়ে গেল কেটি পেরির কনসার্ট

স্থগিত হয়ে গেল কেটি পেরির কনসার্ট

ফাইল ফটো

জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কেটি পেরির কনসার্ট স্থগিত। বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা ছিল এই পপ তারকার। তবে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাসের কারণে শেষ মুহূর্তে কনসার্টটি বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।

কনসার্টটি স্থগিত হওয়ার পর সামাজিক মাধ্যম দুঃখ প্রকাশ করেছেন কেটি। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বৈরী আবহাওয়া এবং দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারি নির্দেশনায় আজ রাতে ‘ভেরখটার বুটিক’ শো-টি বাতিল করা হয়েছে। খবরটি যখন আমার কাছে আসে, তখন মঞ্চের পেছনে মেকআপ নিচ্ছিলাম। দুর্ভাগ্যবশত তারা আমাকে আর কোনো কিছু বলেনি।’

কেটি আরও লেখেন, ‘আপনাদের মতো আমিও ভীষণ মনক্ষুণ্ণ হয়েছি। বিষয়টি সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে ৫৫ হাজার মানুষের নিরাপত্তা সবসময় আমার কাছে সবার আগে। আবহাওয়া পরিবর্তনের ক্ষমতা আমার নেই। তবে আজ রাতে আপনাদের সাথে গান গাইতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই নিরাপদে বাড়ি ফিরুন।’ দীর্ঘ ১৭ বছর পর এই উৎসবে ফেরার কথা ছিল কেটি প্যারির। ২০০৯ সালে শেষবার দেখা গিয়েছিল তাঁকে। 

উৎসবের আয়োজকদের বরাত দিয়ে কেটি প্যারি জানান, আরেক জনপ্রিয় পপ তারকা ‘পিটবুল’-এর পারফরম্যান্স শেষ হওয়ার পরপরই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। কনসার্টের লাইনআপে পিটবুল ছাড়াও মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি’আর্কের মতো জনপ্রিয় তারকাদের পারফর্ম করার কথা ছিল।