আল্লাহ যাদের ‘আল্লাহর দল’ বলেছেন

আল্লাহ যাদের ‘আল্লাহর দল’ বলেছেন

ফাইল ফটো

পবিত্র কোরআনে মহান আল্লাহ কিছু মুমিনকে বিশেষ একটি সম্মানসূচক পরিচয়ে অভিহিত করেছেন- ‘হিজবুল্লাহ’ বা ‘আল্লাহর দল’। কোরআনের ভাষায় এটি কোনো সমসাময়িক রাজনৈতিক দল বা সংগঠনের নাম নয়; বরং ঈমান, আনুগত্য ও তাকওয়ার নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী মুমিনদের জন্য আল্লাহ তাআলার দেওয়া একটি মর্যাদাপূর্ণ পরিচয়।

কোরআনে ‘হিজবুল্লাহ’ শব্দটি মাত্র দুটি স্থানে এসেছে। সেখানে আল্লাহ তাআলা এই দলের পরিচয়, বৈশিষ্ট্য এবং তাদের জন্য ঘোষিত সফলতার সুসংবাদ তুলে ধরেছেন।

কোরআনে আল্লাহর দলের পরিচয়

মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরোধিতাকারীদেরকে ভালবাসে- হোক না এই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠী। আল্লাহ এদের অন্তরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন, আর নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন। তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে বয়ে চলেছে নদী-নালা, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এরাই আল্লাহর দল; জেনে রেখো, আল্লাহর দলই সফলকাম।’ (সুরা মুজাদালা: ২২)

একই বিষয়ে সুরা মায়িদায় আল্লাহ তাআলা বলেন, ‘আর যে কেউ আল্লাহ তাঁর রাসুল এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, (সে হবে আল্লাহর দলভুক্ত।) নিশ্চয় আল্লাহর দলই বিজয়ী হবে।’ (সুরা মায়িদা: ৫৬)

আল্লাহর দলের বৈশিষ্ট্য

১. আল্লাহ ও পরকালের প্রতি অবিচল ঈমান
আল্লাহর দলের প্রথম পরিচয় হলো বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ ঈমান। তারা আল্লাহ, পরকাল এবং ইসলামের মৌলিক আকিদার প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এই ঈমানই তাদের চিন্তা, সিদ্ধান্ত ও কর্মের ভিত্তি।

২. আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি অবিচল আনুগত্য
প্রকৃত মুমিন আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেয়। তাই যারা প্রকাশ্যে আল্লাহ ও তাঁর রাসুলের বিরোধিতা করে, তাদের প্রতি ধর্মীয় আনুগত্য বা সমর্থন পোষণ করে না- এমনকি তারা নিকটাত্মীয় হলেও ঈমানের প্রশ্নে আপস করে না।

তবে এর অর্থ এই নয় যে, ভিন্ন ধর্মাবলম্বী বা অমুসলিমদের সঙ্গে অন্যায়, অবিচার বা অসদাচরণ করতে হবে। কোরআন শান্তিপূর্ণ সহাবস্থান, ন্যায়বিচার ও সদাচরণের নির্দেশ দিয়েছে (দেখুন: সুরা মুমতাহিনা: ৮; সুরা লুকমান: ১৫)

৩. মুমিনদের সঙ্গে ভ্রাতৃত্ব ও বন্ধন
সুরা মায়িদার ৫৬ নম্বর আয়াতে আল্লাহর দলের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় তুলে ধরা হয়েছে। তারা আল্লাহ, তাঁর রাসুল এবং মুমিনদের সঙ্গে সম্পর্ক, সহযোগিতা ও আনুগত্যকে অগ্রাধিকার দেয়। কোরআনের ভাষায়, ‘মুমিনরা তো পরস্পর ভাই।’ (সুরা হুজরাত: ১০)

৪. অন্তরে সুদৃঢ় ঈমান
আল্লাহ ঘোষণা করেছেন, তিনি এই দলের সদস্যদের অন্তরে ঈমানকে সুপ্রতিষ্ঠিত করে দেন। ফলে পার্থিব স্বার্থ, ভয় কিংবা প্রতিকূল পরিস্থিতি তাদের ঈমান থেকে বিচ্যুত করতে পারে না।

আল্লাহর দলের জন্য যে সুসংবাদ

সুরা মুজাদালার ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দলের জন্য একাধিক সুসংবাদ ঘোষণা করেছেন। তিনি-

  • তাদের অন্তরে ঈমান সুদৃঢ় করে দেন।
  • নিজের পক্ষ থেকে সাহায্য ও সমর্থন দান করেন।
  • তাদের জান্নাতে প্রবেশ করাবেন।
  • তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন।
  • তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে।
  • তারাই প্রকৃত সফলকাম ও বিজয়ী।

কোরআনের ভাষায় ‘আল্লাহর দল’ হওয়া কোনো বংশ, জাতি বা সামাজিক পরিচয়ের বিষয় নয়; এটি ঈমান, তাকওয়া, আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য এবং মুমিনদের সঙ্গে আন্তরিক সম্পর্কের মাধ্যমে অর্জিত একটি মর্যাদা। তাই প্রত্যেক মুমিনের লক্ষ্য হওয়া উচিত কোরআনে বর্ণিত এই গুণাবলি নিজের জীবনে ধারণ করা। কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন- ‘জেনে রেখো, আল্লাহর দলই সফলকাম।’ (সুরা মুজাদালা: ২২)