সরাইলে নিহতের ঘটনার জেরে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

সরাইলে নিহতের ঘটনার জেরে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনার জের ধরে সোমবার বিকেল থেকে রাত নাগাদ ফের সংঘর্ষ হয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে এক লাখ টাকা পাওনা বলে দাবি করেন। খাদিম মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রবিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. খাদিম মিয়া নিহত হন। এ ঘটনার জেরে খাদিমের জানাজার নামাজের পর সোমবার বিকেল থেকে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী।

এসময় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল পড়ে আহত হন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। রবিবার রাতে নিহতের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।