রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রতিযোগিতায় ঢাবি শিক্ষার্থী অরণীর সাফল্য
সংগৃহীত
রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শিল্প প্রতিযোগিতা কার্তিনা মিরা আর্ট কম্পিটিশন-২০২৬’ এ সাফল্যের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের তরুণ শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী অরণী হোসেন অথৈ। তার আঁকা ‘দ্য ক্রাফটসম্যান’ শীর্ষক চিত্রকর্ম বিশ্বের সেরা নির্বাচিত ১৫টি শিল্পকর্মের মধ্যে স্থান পেয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এবারের প্রতিযোগিতায় মোট ১ হাজার ৬৫৩টি চিত্রকর্ম জমা পড়ে। সেখান থেকে বিচারকদের মূল্যায়নে নির্বাচিত সেরা ১৫টি শিল্পকর্ম নিয়ে গত ২৪ জুন ২০২৬ রাশিয়ার সামারা শহরে অবস্থিত ট্রেতয়াকভ গ্যালারিতে প্রদর্শনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, কলম্বিয়া, কঙ্গো, ইন্দোনেশিয়া, সেনেগাল, দক্ষিণ কোরিয়া, চীন, ক্যামেরুন, রাশিয়া ও কাজাখস্তানের শিল্পীরা বিজয়ীদের তালিকায় স্থান পান। প্রতিযোগিতায় পেইন্টিং, গ্রাফিক্স এবং ডিজিটাল আর্ট—এই তিনটি বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় এবং ইনোপ্রাকটিকা-এর উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ব্যাংকিং অংশীদার ছিল রাশিয়ার অন্যতম বৃহৎ ব্যাংক গ্যাজপ্রমব্যাংক। আর সহ-আয়োজক হিসেবে ছিল স্টে ট্রেতয়াকভ গ্যালারি।
আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অরণী হোসেন অথৈয়ের সাফল্য বাংলাদেশের শিল্পাঙ্গনের জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তার এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ শিল্পীদের সৃজনশীলতা ও সম্ভাবনার আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো।