হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

সংগৃহীত ছবি

হাসপাতাল চালুর পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের নবম দিনে সুনামগঞ্জ-সিলেট সড়কে বাঁশ ও চেয়ার ফেলে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা সুনামগঞ্জ সদরের মদনপুর পয়েন্টে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন। এ সময় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের তিনটি পয়েন্টে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন উক্ত সড়কে যাতায়াতকারী হাজারো যাত্রী সাধারণ।

আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা বলেন, আমাদের অনেকের পড়াশোনা শেষ হওয়ার পথে। হাতে কলমে চিকিৎসক হওয়ার জন্য জরুরি ক্লিনিক্যাল বা ওয়ার্ড ক্লাস আমরা পাচ্ছি না। ডাক্তার হওয়ার জন্য ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছি না। শুধু পুস্তুকি ডিগ্রি নিয়ে আমরা অথর্ব হচ্ছি। এ কারণে আমরা বাধ্য হয়ে ক্লাস বর্জন করে বাইরে চলে এসেছি। আজ আমাদের আন্দোলনের নবম দিন। দাবি আদায় না হলে আমরা আমরণ কর্মসূচি চালাব।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, এক বছরের বেশি সময় ধরে হাসপাতাল ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু এরপরও হাসপাতাল কার্যক্রম চালু হয়নি। এই দাবিতে গত বছর (২০২৫) আন্দোলন করলে সরকার এক বছরের মধ্যে হাসপাতাল চালুর আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। কিন্তু এক বছর অতিবাহিত হবার পরও হাসপাতাল চালুর কোনও উদ্যোগ না নেওয়ায় আবারও বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন জেলার সর্বস্তরের মানুষ। 

এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, ফারহানা আহমেদ মিম, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সানজিনা খানম ঐশি, তামিমা হোসেন, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ইনহা ইব্রাহিম, পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ফজলে ফারিয়া সিনথিয়া, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আকশা চৌধুরী, রেহেনা খাতুন প্রমুখ।

এদিকে, সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সুনামগঞ্জ জেলা সুজন’র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ জানান, মঙ্গলবার সুনামগঞ্জ শহর থেকে সুজন নেতারা একটি টিম অবরোধস্থলে গিয়ে মেডিকেল শিক্ষার্থীদের সাথে  সংহতি প্রকাশ করেছেন।   

জেলার মানবাধিকার কর্মী ওবায়দুল হক মিলন বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সাথে পুরো জেলাবাসী একমত। এখানে হাসপাতাল চালুর দাবি শুধু তাদের নয় এটা সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি।’