একাদশে তিন পরিবর্তন নিয়ে কঙ্গো পরীক্ষায় ইংল্যান্ড
ফাইল ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক এর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। আটলান্টার এই হাইভোল্টেজ ম্যাচের আগে ইংলিশ একাদশে তিনটি বড় পরিবর্তন এনেছেন কোচ থমাস টুখেল। তবে লেফট-উইং পজিশনে অ্যান্থনি গর্ডনকে বেঞ্চে রেখে মার্কাস রাশফোর্ডের ওপরই আস্থা বজায় রেখেছেন এই জার্মান মাস্টারমাইন্ড।
পানামার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে মূল একাদশে থাকা রাশফোর্ড নকআউট পর্বেও নিজের জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে, চোট ও ফিটনেস সমস্যার কারণে একাদশের বাকি পজিশনগুলোতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ইংলিশ ম্যানেজমেন্ট।
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চোট সমস্যা। দলের দুই ডিফেন্ডার জ্যারেল কুয়ানসাহ এবং রিচ জেমস দুজনেই ইনজুরিতে আক্রান্ত। ফলে রাইট-ব্যাক পজিশনে আজ মূল একাদশে খেলবেন ডিজেড স্পেন্স। আর সেন্ট্রাল ডিফেন্সে মার্ক গুয়েহির সঙ্গী হচ্ছেন এজরি কনসা। দলের প্রধান তারকা বুকায়ো সাকার ফিটনেস নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাইছে না ইংল্যান্ড। সাকাকে সামলে রাখার অংশ হিসেবে তাঁর জায়গায় আজ ডানপ্রান্তের আক্রমণে দেখা যাবে নোনি মাদুয়েকেকে।
পানামার বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তারকা মিডফিল্ডার ডেক্লান রাইসকে। কঙ্গোর বিপক্ষে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে মর্গান রজার্সের জায়গায় আবারও মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে ফিরছেন তিনি। কঙ্গোর বিরুদ্ধে ম্যাচটি শারীরিক শক্তির এক কঠিন পরীক্ষা হতে যাচ্ছে বলে মনে করেন টুখেল। প্রতিপক্ষকে সমীহ করে মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের প্রতিপক্ষ আজ আন্ডারডগ হিসেবে খেলবে, যা সবসময়ই (মানসিকভাবে) কিছুটা সহজ ভূমিকা। তবে আমরা এই চ্যালেঞ্জটি মেনে নিচ্ছি এবং জানি কীভাবে এটি সামলাতে হবে। আমাদের জন্য কোনো কিছুই বদলে যায়নি। আমরা মাঠে অত্যন্ত বিনয়ী দৃষ্টিভঙ্গি নিয়ে নামব, যেখানে আমাদের মূল ফোকাস থাকবে নিজেদের খেলার ওপর।"
ফিফা র্যাংকিংয়ের ব্যবধান নিয়ে ইগো ধরে না রাখার বার্তা দিয়ে টুখেল আরও যোগ করেন, "আগামীকাল ফিফা র্যাংকিং কী বলবে কিংবা ফিফা এই ম্যাচ নিয়ে কী ভাবছে, তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ চলাকালীন মাঠ আমাদের কাছে যা দাবি করবে, আমরা ঠিক সেই উত্তরটাই দেব। আর সেটার জন্য আমাদের মানসিক স্বাধীনতা, সঠিক মাইন্ডসেট, শান্ত থাকা এবং পারফর্ম করার জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। আমার বিশ্বাস, আমরা পুরোপুরি প্রস্তুত।"