ডুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে সম্মিলিত শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়

ডুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে সম্মিলিত শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় আট বছর পর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ কার্যবর্ষের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদে নির্বাচন হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। এই নির্বাচনে সম্মিলিত শিক্ষক প্যানেল নিরঙ্কুশ জয় পায়।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন।

নির্বাচনে গণিত বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা সভাপতি পদে ৪৭ ভোটের ব্যবধানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকীকে পরাজিত করেন।

সহ-সভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান ৩৫ ভোটের ব্যবধানে একই বিভাগের অধ্যাপক ড. নঈম মুহাম্মদ লুৎফুল হককে পরাজিত করে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজুর আলম ৩০ ভোটের ব্যবধানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেনকে পরাজিত করে বিজয়ী হন।

এর আগে কোষাধ্যক্ষ, সাংস্কৃতিক সম্পাদক, দফতর সম্পাদক এবং মহিলা সম্পাদক—এই চারটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে সরাসরি ভোটে তিনজন প্রার্থী নির্বাচিত হন।

উল্লেখ্য, একটি সদস্য পদ ব্যতীত বাকি ১২টি পদে সম্মিলিত শিক্ষক পরিষদ বিজয় অর্জন করেন।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।