নাতির হাঁসুয়ার আঘাতে দাদির মৃত্যু, দাদা হাসপাতলে

নাতির হাঁসুয়ার আঘাতে দাদির মৃত্যু, দাদা হাসপাতলে

প্রতিকি ছবি

 

গাইবান্ধার সাঘাটায় নাতি শাকিল আহম্মেদের (২২) হাঁসুয়ার আঘাতে দাদি ফিরোজা বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দাদা আব্দুল করিম (৭০)। ঘটনার পর অভিযুক্ত শাকিলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবনতাইড় গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।

অভিযুক্ত শাকিল খামার পবনতাইড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও আব্দুল করিমের নাতি। নিহত ফিরোজা বেগম আহত আব্দুল করিম (ভেটুর) দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের কারণে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। বুধবার দুপুরে স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে বাড়ির পাশের পাটক্ষেতে কাজ করার সময় দাদা-দাদির সঙ্গে শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো হাঁসুয়া (বেকি) দিয়ে দাদা ও দাদিকে এলোপাতাড়ি আঘাত করে শাকিল। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। তাদের আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথেই ফিরোজা বেগমের মৃত্যু হয়। আহত আব্দুল করিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনার পর শাকিলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

ওসি মাহাবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শাকিলকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।