বগুড়ায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পুকুরে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে তুষার মিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তুষার ওই গ্রামের রিপন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। এ সময় তুষার বাড়ির পাশে একা ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। বল আনতে পানিতে নামলে সে গভীর পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তুষারের মা দীপালি বেগম বলেন, ছেলেকে বাড়িতে রেখে তিনি জমিতে কাজ করতে গিয়েছিলেন। পরে লোকজনের চিৎকার শুনে এসে জানতে পারেন, তার ছেলে পানিতে ডুবে গেছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।