চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ

সংগৃহীত

সারাদেশের সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনেও ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। লিখিত পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্রের বাইরে উদ্বিগ্ন অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী রয়েছেন।

জেলাভিত্তিক হিসেবে চট্টগ্রামে সবচেয়ে বেশি ৭০ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এছাড়া, কক্সবাজারে ১২ হাজার ২৫৫ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন, রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

মোট ১১৪টি কেন্দ্রের মধ্যে চট্টগ্রাম জেলায় ৬৮টি, কক্সবাজারে ১৮টি, বান্দরবানে ৮টি এবং রাঙামাটি ও খাগড়াছড়িতে ১০টি করে পরীক্ষা কেন্দ্র রয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‍“পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে।” 

তিনি বলেন, “পরীক্ষা তদারকির জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ২৩টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ১৫টি সাধারণ এবং ৮টি বিশেষ টিম দায়িত্ব পালন করছে।”