বিয়ের আগে টেলর সুইফটের ‘আসল রূপ’ জানালেন ঘনিষ্ঠরা!

বিয়ের আগে টেলর সুইফটের ‘আসল রূপ’ জানালেন ঘনিষ্ঠরা!

ফাইল ছবি

বিশ্বজুড়ে কোটি ভক্তের ভালোবাসা পাওয়া মার্কিন পপ তারকা টেলর সুইফটকে মঞ্চের বাইরের মানুষ হিসেবে কেমন, সে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী এমনকি হবু স্বামী ট্র্যাভিস কেলসিও। তাদের ভাষ্য অনুযায়ী, জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বাস্তব জীবনে সুইফট বিনয়ী, পরিশ্রমী, উদার এবং বন্ধুদের প্রতি আন্তরিক একজন মানুষ। 

হলিউড অভিনেত্রী জো ক্রাভিটজ জানান, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হাজারো দর্শকের সামনে ‘ইরাস ট্যুর’-এ পারফর্ম শেষ করেও সুইফট একেবারে সাধারণ মানুষের মতো বন্ধুদের সঙ্গে সময় কাটান। তার ভাষায়, এত বড় মঞ্চে গান গাওয়ার পরও সুইফটকে দেখে বোঝার উপায় থাকে না যে তিনি কিছুক্ষণ আগেই বিশ্বের অন্যতম বড় কনসার্টে পারফর্ম করেছেন।

গায়িকা সাবরিনা কার্পেন্টার বলেছেন, সুইফট তার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। অন্য সবার মতোই তারা একসঙ্গে রাতের খাবার খান, বার্তা আদান-প্রদান করেন এবং নিয়মিত খোঁজখবর রাখেন।

‘ইরাস ট্যুর’-এর উদ্বোধনী শিল্পী গ্রেসি অ্যাব্রামস এর কথায়, ওই সফরের অংশ হওয়া তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তার মতে, সুইফট যেমন অসাধারণ পারফর্মার, তেমনি অত্যন্ত উদার একজন বন্ধু। নিজের প্রতি সুইফটের আস্থা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ বলেও জানান।

২০১৯ সালে সুইফটের ৩০তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সুপারমডেল জিজি হাদিদ লিখেছিলেন, সুইফটের সহজাত উদারতা মানুষের হৃদয় জয় করে নেয়। তার মতো মানুষ খুবই বিরল।

ব্যান্ড ‘হেইম’-এর সদস্য আলানা হেইম বলেন, সুইফট সবসময় নিজের আগে বন্ধুদের গুরুত্ব দেন। কারও সম্পর্ক ভেঙে গেলে তিনি সপ্তাহের পর সপ্তাহ খোঁজ নেন এবং কঠিন সময়ে পাশে থাকেন। তার বোন ড্যানিয়েল হেইম বলেন, সুইফটের হৃদয়ের আন্তরিকতা তার গানেও স্পষ্টভাবে ফুটে ওঠে।

গায়ক এড শিরান বলেন, বহু বছর ধরে আমদের বন্ধুত্ব অটুট রয়েছে। নিয়মিত দেখা না হলেও যখনই দেখা হয়, মনে হয় যেন আগের আলাপ থেকেই আবার শুরু করেছেন।

এড শিরানের সঙ্গে টেলর সুইফট

প্যারামোরের প্রধান গায়িকা হেইলি উইলিয়ামস জানান, একবার সাবেক প্রেমিকের বিয়েতে যেতে অস্বস্তি লাগছিল তার। বিষয়টি বুঝতে পেরে সুইফট তার সঙ্গে অনুষ্ঠানে যান, পরিবেশ স্বাভাবিক করে তোলেন এবং পরে দুজন একসঙ্গে বাইরে খেতে যান। সম্প্রতি কঠিন সময়েও সুইফট ফোন করে তার কথা শুনেছেন, হাসিয়েছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

সংগীত প্রযোজক অ্যারন ডেজনারের ভাষায়, সুইফট তার দেখা সবচেয়ে পরিশ্রমী শিল্পীদের একজন। গান লেখা ও প্রযোজনার প্রতিটি ধাপে তিনি নিজে যুক্ত থাকেন এবং খুঁটিনাটির প্রতি বিশেষ মনোযোগ দেন। ব্যক্তিজীবনেও তিনি অত্যন্ত সাধারণ। ডেজনার জানান, নিজের বাড়িতে অতিথিদের জন্য সুইফট নিজেই সকালের নাশতা ও রাতের খাবার রান্না করেন।

অভিনেতা রায়ান রেনল্ডস বলেছেন, সুইফট চাইলে নিজের প্রভাব অন্যভাবে ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি তা সবসময় ইতিবাচক কাজে লাগান। পাশাপাশি তিনি অত্যন্ত রসিক একজন মানুষ। এ সময় তার সঙ্গে থাকা অভিনেতা হিউ জ্যাকম্যানও সুইফটের রসবোধের প্রশংসা করেন।

অভিনেত্রী কেলি টেলার বলেন, ব্যক্তিগত কষ্টের মধ্যেও সুইফট মঞ্চে উঠে দর্শকদের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেন, যা তাকে মুগ্ধ করে।

দীর্ঘ ১৭ বছরের বন্ধু সেলেনা গোমেজ বলেন, হলিউডে একসঙ্গে বেড়ে ওঠা, জীবনের নানা সুখ-দুঃখ ভাগ করে নেওয়া এবং প্রায় একই সময়ে বাগদান হওয়া—সব মিলিয়ে আমদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে। তিনি জানান, সুইফট তার ও বেনি ব্ল্যাঙ্কোর জন্য একটি ব্যক্তিগত উপহারও তৈরি করেছিলেন।

এদিকে হবু স্বামী ট্র্যাভিস কেলসি বলেছেন, সুইফটের সবচেয়ে বড় গুণ হলো তার আন্তরিকতা। পরিবার ও বন্ধুদের সঙ্গে তিনি সবসময় স্বাভাবিক ও সহজ থাকেন। বিপুল জনপ্রিয়তার মধ্যেও নিজেকে শান্ত ও সাধারণ রাখার এই গুণই তাকে সুইফটের প্রতি আকৃষ্ট করেছে।

টেলর সুইফটের বিয়ে নিয়ে ইতোমধ্যে নিউ ইয়র্কে শুরু হয়েছে জমকালো উৎসব। সেখানকার ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হওয়া এই উৎসবের মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। তারকা দম্পতির এই বিশেষ দিনে অংশ নিচ্ছেন এক হাজারের বেশি ভিআইপি অতিথি।