জমি নিয়ে বিরোধ: দিনে হাতাহাতি, রাতে মিলল যুবকের লাশ
প্রতিকি ছবি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধে দুপুরে মারামারির পর রাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-ছোট বাশাইল গ্রামের আনিচ শিকদারের ছেলে শান্ত শিকদার (২২) ও মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (৫৮)।
মারা যাওয়া যুবক জহিরুল ইসলাম শিকদার (৩৯) একই গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানান, জহিরুলের সাথে জমি নিয়ে শান্ত শিকদারদের বিরোধ ছিল। এর জেরে বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি নিজেরাই মিটিয়ে ফেলে। পরে রাত ১০টার দিকে রাস্তার ওপর থেকে জহিরুলের লাশ উদ্ধার করা হয়।
মৃত জহিরুলের স্ত্রী ও মামলার বাদী মনি বেগম বলেন, আমার স্বামীকে একই এলাকার সেন্টু শিকদার, শান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদার ও জুয়েল শিকদার রাতে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।
ওসি বলেন, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে বিস্তারিত বলা যাবে। ওসি জানান, হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।