বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

প্রতিকি ছবি

বগুড়ায় শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামে এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) রাতে নন্দীগ্রাম উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকী বিল্লাহ নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপার।

জানা গেছে, অভিযুক্ত সুপার বাকী বিল্লাহর চাচাতো শ্যালিকা শারীরিক প্রতিবন্ধী। সে পরিবারের সঙ্গেই বাড়িতে থাকত। গত ২১ জানুয়ারি বিকালে চাচা শ্বশুরের বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই তরুণীকে ধর্ষণ করেন বাকী বিল্লাহ। পরে ওই তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানান, ওই তরুণী ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় তরুণীর চাচা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে বুধবার ১ জুলাই নন্দীগ্রাম থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপরই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সুপার বাকী বিল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গছাইল দাখিল মাদরাসার সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।