বগুড়ায় পাঁচ দিনও গ্রেফতার হয়নি হত্যা মামলার আসামি
ফাইল ছবি
বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলেছে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
গত ২৮ জুন বিকালে উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল নয়াপাড়া গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে শাকিল ও তার ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মকবুল হোসেন(৭০) নিহত হয়। এ ঘটনায় পরের দিন তার ছেলে শাপলা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।
মামলায় এজাহারভুক্ত তিন আসামি হলেন, শাকিল (২৮) তার ছোট ভাই সবুজ (২৬) ও বাবা নরুল ইসলাম মাস্টার (৬২)। এদিকে নিহত মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এখনও আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এজাহারভুক্ত আসামিদের ধরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।