রাবির আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান আব্দুছ ছালামের ইন্তেকাল
প্রফেসর ড. এস এম আব্দুছ ছালাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এস এম আব্দুছ ছালাম (৬১) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রজিউন)।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মরহুমের অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, ১৯৯১ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ ও ইসলামিক স্টাডিজ বিভাগে আরবী বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি আরবী বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
তার রচিত একাধিক গ্রন্থ ও গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন সাময়িকী ও জার্নালে প্রকাশিত হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাবি আরবী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শিক্ষার্থী রেখে গেছেন।