রূপসায় ধারালো অস্ত্রের হামলায় নিহত ১

রূপসায় ধারালো অস্ত্রের হামলায় নিহত ১

প্রতিকী ছবি

খুলনার রূপসা উপজেলায় প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে হাসান (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার জাবুসা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। নিহত হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারীর বাড়িতে ভ্যানে করে কয়েকজন অতিথি আসেন। কিছুক্ষণ পর ভ্যানটি চুরি হয়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে হাসান রাশেদের নাম উল্লেখ করেন। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় চৌরাস্তা মোড়ে অবস্থানকালে রাশেদসহ চার থেকে পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।