বিশ্বকাপ খেলা দেখতে দেখতে উপভোগ করুন মেক্সিকোর টাকোস
ছবিঃ সংগৃহীত।
বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে দেখতে যদি হাতে থাকে ধোঁয়া ওঠা, মশলাদার আর সুস্বাদু কোনো খাবার, তাহলে আনন্দ যেন কয়েক গুণ বেড়ে যায়।আর মেক্সিকোর খেলা হলে তো কথাই নেই, সেই আবহকে আরও রঙিন করে তুলতে টেবিলে রাখতে পারেন দেশটির অন্যতম জনপ্রিয় খাবার টাকোস।
নরম বা মচমচে টর্টিয়ার ভেতরে মাংস, সবজি, পনির, সালসা আর নানা রকম সসের দুর্দান্ত সংমিশ্রণে তৈরি এই খাবার স্বাদে যেমন অনন্য, তেমনি সহজেই ঘরেও বানানো যায়। তাই খেলার প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত উপভোগের সঙ্গে মেক্সিকান স্বাদের ছোঁয়া যোগ করতে টাকোস হতে পারে দারুণ এক সঙ্গী।
উপকরণ
রুটি তৈরির জন্য যা লাগবে
ময়দা বা গমের আটা ১ কাপ
কর্নফ্লাওয়ার ১/২ কাপ
কুসুম গরম পানি ১/২ কাপ
লবণ সামান্য
ভেতরের পুর তৈরির জন্য
হাড় ছাড়া মাংস ২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি ১/২ কাপ
রসুন কুচি ১ চা চামচ
টমেটো পিউরি বা সস ২ টেবিল চামচ
টাকো সিজনিং (জিরা গুঁড়া, মরিচ গুঁড়া,
অরিগ্যানো ও গোলমরিচ একসঙ্গে মেশানো) ১.৫ টেবিল চামচ
তেল রান্নার জন্য পরিমাণমতো
লবণ স্বাদমতো
টপিং বা সালাদের জন্য লেটুস পাতা কুচি
টমেটো কুচিচিজ (গ্রেট করা) মেয়োনিজ বা টক দই
কাঁচামরিচ
ধনেপাতা কুচি
যেভাবে তৈরি করবেন
টরটিয়া (রুটি) তৈরি
আটা, কর্নফ্লাওয়ার, লবণ ও সামান্য তেল দিয়ে একটি নরম ডো তৈরি করুন। ছোট ছোট লেচি কেটে পাতলা রুটির মতো বেলে নিন। তাওয়ায় তেল ছাড়া হালকা সেঁকে নরম টরটিয়া তৈরি করে নিন।
চিকেন পুর রান্না
প্যানে তেল গরম করে রসুন ও পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভাজুন।এবার মুরগির মাংস ও লবণ দিয়ে দিন। মাংস নরম হয়ে এলে টাকো সিজনিং ও টমেটো সস দিয়ে ভালো করে কষান, মাংস পুরোপুরি সিদ্ধ ও শুকনো হয়ে এলে নামিয়ে নিন।
টাকো অ্যাসেম্বল বা সাজানো
একটি টরটিয়ার একপাশে প্রথমে রান্না করা চিকেনের পুর দিন। এর ওপর লেটুস পাতা, টমেটো কুচি, চিজ ও মেয়োনিজ বা সস দিন। সবশেষে রুটিটি মাঝখান থেকে অর্ধেক ভাঁজ করে পরিবেশন করুন