২০০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম বানালেন শাহরুখ

২০০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম বানালেন শাহরুখ

ফাইল ছবি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো ক্লাব হিসেবে সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন স্টেডিয়াম তৈরি করে ইতিহাস গড়ল শাহরুখ খানের ‘নাইট রাইডার্স গ্রুপ’। ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্সে ২১ মিলিয়ন ডলার (প্রায় ২০০ কোটি টাকা) ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বলিউড কিং। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ম্যাচগুলোর অন্যতম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে এই মাঠটি।

আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি ১০ একরের এই বিশাল স্টেডিয়ামটিতে রয়েছে আটটি পিচের মেইন স্কয়ার, ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার এবং আইসিসি স্ট্যান্ডার্ডের আউটফিল্ড। যার নির্মাণকাজে প্রায় ৩২,০০০ মেট্রিক টন মাটি সরাতে হয়েছে।

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল ‘লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স’-এর সহ-স্বত্বাধিকারী শাহরুখ খান সামাজিক মাধ্যমে খবরটি নিজে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘যা একদিন স্বপ্ন হিসেবে শুরু হয়েছিল, আজ তা বাস্তবে রূপ নিল। বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স এবং নাইট রাইডার্সের এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের মাধ্যমে আমরা কেবল একটি ক্রিকেট মাঠ তৈরি করিনি; এমন একটি জায়গা বানিয়েছি যা সমাজ, মেলবন্ধন এবং বিনোদনকে উদযাপন করবে। এটি পরিবার এবং সারাজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরির জায়গা।’

শাহরুখ তার পোস্টে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং এই প্রকল্পের সাথে জড়িত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ধন্যবাদ জানান। শাহরুখ আরও লেখেন, ‘এটি লস অ্যাঞ্জেলেসের জন্য, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেট ভক্তদের জন্য এবং নাইট রাইডার্স পরিবারের জন্য। বেগুনি ও সোনালি রঙে বিশ্বাস রাখুন। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ঘরের মাঠে সবাইকে স্বাগত।’

উদ্বোধনের পরপরই গত বৃহস্পতিবার (২ জুন) এই ভেন্যুতে প্রথম আনুষ্ঠানিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং ওয়াশিংটন ফ্রিডম।