ইংলিশ মিডিয়ামে পড়েও হাফেজ ১০০ শিক্ষার্থী, চীন মৈত্রীতে সংবর্ধনা

ইংলিশ মিডিয়ামে পড়েও হাফেজ ১০০ শিক্ষার্থী, চীন মৈত্রীতে সংবর্ধনা

ছবি: সংগৃহীত

ইংরেজি মাধ্যম শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছেন ১০০ শিক্ষার্থী। তাদের সম্মান জানাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা ও সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাফেজ হওয়া ১০০ শিক্ষার্থী এবং এ লেভেলে কৃতিত্ব অর্জনকারী পাঁচ শিক্ষার্থীর হাতে সনদ, সম্মাননা পদক ও স্মারক তুলে দেওয়া হয়।

বুধবার উইটন ইন্টারন্যাশনাল স্কুল (ডব্লিউআইএস) ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের (জিআইএস) উদ্যোগে হিফজ ও এ লেভেল সমাবর্তন-২০২৬ অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বর্তমানে ডব্লিউআইএস ও জিআইএসে এক হাজারের বেশি শিক্ষার্থী হিফজুল কোরআন অধ্যয়ন করছে। আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠান দুটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, জাতীয় সংসদের হুইপ মিয়া নূরউদ্দীন অপু, কবি ও সাহিত্যিক আনিসুল হক, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, অক্সফোর্ড একিউএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহেন রেজা, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশের প্রধান সারওয়াত রেজা, পিয়ারসন এডএক্সেল বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক লিটন আব্দুল্লাহ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ব্যবসা উন্নয়ন পরিচালক তাহনী ইয়াসমিন।

এ ছাড়া দেশের ইসলামি আলেম, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। সমাবর্তন বক্তা ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ.এফ.এম. খালিদ হোসাইন।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে ডব্লিউআইএস ও জিআইএসের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ জামান বলেন, সমাবর্তন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি নতুন দায়িত্ব গ্রহণের সূচনা। প্রতিষ্ঠানের লক্ষ্য এমন শিক্ষার্থী গড়ে তোলা, যারা কোরআনের শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আন্তর্জাতিক মানের জ্ঞান একসঙ্গে ধারণ করবে।

তিনি বলেন, হাফেজে কোরআনের মর্যাদা অত্যন্ত উচ্চ। সহিহ হাদিসে হাফেজদের জন্য বিশেষ সম্মান ও মর্যাদার কথা উল্লেখ রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, আধুনিক জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ প্রজন্মই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথিরাও আন্তর্জাতিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সমাবর্তন বক্তা ড. এ.এফ.এম. খালিদ হোসাইন বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে কোরআনের শিক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই হিফজের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তিনি শিক্ষার্থীদের কোরআনের আদর্শ অনুসরণ করে দেশ ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে হাফেজ হওয়া ১০০ শিক্ষার্থী এবং এ লেভেলে কৃতিত্ব অর্জনকারী পাঁচ শিক্ষার্থীর হাতে সনদ, সম্মাননা পদক ও স্মারক তুলে দেওয়া হয়। এ সময় অভিভাবকেরা করতালির মাধ্যমে শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা ইসলামিক নাশিদ, আবৃত্তি, নাট্য পরিবেশনা ও দেশাত্মবোধক পরিবেশনা উপস্থাপন করে।

সমাপনী বক্তব্যে ডব্লিউআইএস ও জিআইএসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা, ইসলামিক মূল্যবোধ ও নৈতিক নেতৃত্বের সমন্বয়ে শিক্ষার্থী গড়ে তুলতে ভবিষ্যতেও প্রতিষ্ঠান দুটি কাজ করে যাবে।

পরে সমাপনী বক্তব্যের মাধ্যমে হিফজ ও এ লেভেল সমাবর্তন-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।