সিরাজগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাবার বিতরণ
সংগৃহীত ছবি
যমুনা নদীতে ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম সদর উপজেলার ভাটপিয়ার মাদ্রাসায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি ভাটপিয়ারী ও বাহুকায় ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, বাহুকা ও ভাটপিয়ারী এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙ্গন নিয়ন্ত্রন করা হচ্ছে। বাহুকা ও ভাটপিয়ারী এলাকার ১০টি গ্রাম রক্ষায় এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে জরুরি পত্র পাঠানো হবে। আর বাহুকায় বাঁধ শক্তিশালীকরণে দ্রুত কাজ করা হবে।