নাটোরে আগুনে মাদ্রাসা পুড়ে ছাই, ২৫টি কোরআন অক্ষত

নাটোরে আগুনে মাদ্রাসা পুড়ে ছাই, ২৫টি কোরআন অক্ষত

সংগৃহীত

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল হাফেজিয়া কওমি মাদ্রাসায় অগ্নিকাণ্ডে টিনের চাল, শিক্ষার্থীদের বিছানাপত্র ও আসবাবপত্রসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। তবে হেফজখানায় থাকা ২৫টি পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে জুমার নামাজ চলাকালে এ অগ্নিকাণ্ড ঘটে। সে সময় মাদ্রাসাটি ফাঁকা থাকায় হতাহত হয়নি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণের পর ধ্বংসস্তূপের মধ্যে হেফজখানায় রাখা ২৫টি কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি।

নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজহার আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।