পাবনায় থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল গ্রামবাসী

পাবনায় থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল গ্রামবাসী

ছবিঃ সংগৃহীত।

নাশকতার সন্দেহে আটক পাবনার ভাঙ্গুড়া উপজেলার এক সাবেক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী। বিক্ষোভের মুখে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে শত শত গ্রামবাসী ভাঙ্গুড়া থানায় অবস্থান নিলে পরিস্থিতি বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায়।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে পাটুলিপাড়া গ্রাম থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মুক্ত হওয়া রিপন সরকার (৪০) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা। পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি।

গ্রামবাসীর অভিযোগ, সরকারি জমি দখল করে স্থানীয় ইউনুস সরকার একটি ঘর নির্মাণ করেছিলেন। পরে গ্রামবাসী সেটি ভেঙে সেখানে মাছের বাজার বসান এবং স্থানটিকে অটোরিকশা স্ট্যান্ড ঘোষণা করে ব্যানার টানায়। এ ঘটনায় ইউনুস বাদী হয়ে রিপনসহ কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

স্থানীয়দের ভাষ্য, গ্রামবাসীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখায় রিপনকে হয়রানির উদ্দেশে আটক করা হয়েছে।

রিপনকে আটকের খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে শত শত গ্রামবাসী ভাঙ্গুড়া থানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের থানা চত্বরের বাইরে সরিয়ে দেয়। 

সংবাদপ্রচার

পরে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল থানার ওসি সাকিউল আযমের সঙ্গে বৈঠকে বসে।

আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে রিপন সরকারকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযমকে জানিয়েছেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের কারণে রিপন সরকারকে আটক করা হয়নি। নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার একটি গোপন সংবাদের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা না পাওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।