চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী
সংগৃহীত ছবি
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, চব্বিশের জুলাই ছাত্র জনতার আন্দোলনের ফলে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। দীর্ঘ সময় পর আজ মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছি। অনেক লড়াই সংগ্রামের পর ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে, আমরা আজ এ অবস্থায় এসেছি।
শনিবার (০৪ জুলাই) বিকালে কুমিল্লার টাউনহল মাঠে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত নির্বাচনে কুমিল্লার ৯টি আসন বিএনপিকে উপহার দেওয়ার জন্য জনতাকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেশে যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে ততবার দেশের ও কুমিল্লার উন্নতি হয়েছে। বিএনপি সরকারের সবসময়ই উন্নয়নের জোয়ার এসেছে। ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে নাগরিক সভায় উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, আপনারা জানেন ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি। অত্যন্ত আশাব্যঞ্জক বিষয় সদ্য ঘোষিত বাজেটে ঢাকা- কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে করে ঢাকার সাথে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুরের রেল যোগাযোগ সহজ হবে, সময় বাঁচবে অন্তত ৩ ঘণ্টা। এটা বর্তমান সরকারের একটা যুগান্তকারী সিদ্ধান্ত।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা বারের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা মহানগরের নেতৃবৃন্দ