কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

সংগৃহীত ছবি

কুড়িগ্রামে নদ-নদীর পানি আবারো শুক্রবার রাত থেকে বাড়তে শুরু করেছে। গত দুদিন আগে সবকটি নদ-নদীর পানি কমলেও ফের বাড়তে থাকায় আবারো বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। 

একদিকে, বন্যার পানি নেমে গিয়ে ফসলী জমি বিনষ্ট, নদী ভাঙন আবার আরো এক দফা বন্যার আশঙ্কায় এখন এসব মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় পানি উন্নয়ন বোডের নিয়মিত রিপোটিংয়ে জানা যায়, উজানের পানির ঢলে গত ২৪ ঘণ্টায় আবার তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের সবকটি পয়েন্টে নদ-নদীর পানি বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে বইছে। অপরদিকে, পানি কমা ও বাড়ার সাথে সাথে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। জেলার এসব নদনদীর পুবের ৩৬টি এবং নতুন করে ৬টি পয়েন্টসহ ৪২টি পয়েন্টে নদী ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও স্থাপনা। একদিকে ঘর হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার, অন্যদিকে বন্যার পানিতে তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত হেক্টর জমির বিভিন্ন শাকসবজিসহ ফসল।

জেলা কৃষি বিভাগ জানায়, জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ৪৯৯ হেক্টর জমির পাট, চীনাবাদাম, আউশ, আমনের বীজতলা ও মরিচের খেত বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। আবারো পানি বাড়লে কৃষি খেতে মারাত্নক প্রভাব পড়বে বলে কৃষকরা আশংকা করছেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোডের নিবাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, উজানের পানির ঢলে পুনরায় নতুন করে তিস্তাসহ সবকটি নদনদীর পানি বাড়ছে। তবে দুদিন পরে তা কমে যেতে পারে।