অ্যাক্সিওসের দাবি, খামেনির জানাজায় মানুষের কান্না দেখে বিস্মিত ট্রাম্প
অ্যাক্সিওসের দাবি, খামেনির জানাজায় মানুষের কান্না দেখে বিস্মিত ট্রাম্প//ছবিঃ সংগৃহীত।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে মানুষের শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তাঁর ধারণা ছিল, ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে। তবে পরে তিনি মন্তব্য করেন, ওই কান্না ‘মায়াকান্নাও হতে পারে’। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে ইরানের বর্তমান নেতৃত্বের প্রায় সবাই উপস্থিত ছিলেন এবং চাইলে এক হামলায় তাদের লক্ষ্যবস্তু করা সম্ভব ছিল। তবে তা করা হয়নি, কারণ এতে আলোচনার জন্য কোনো পক্ষই অবশিষ্ট থাকত না।
ট্রাম্পের ভাষ্য, ‘তারা সবাই সেখানে উপস্থিত। এক আঘাতেই তাদের শেষ করা সম্ভব। কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে চুক্তি করার মতো আর কেউ থাকবে না। তারা এখন আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়।’
তিনি আরও দাবি করেন, খামেনির দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষ আলোচনায় এক সপ্তাহের বিরতি নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এ সময়ের মধ্যে কোনো পক্ষই অপর পক্ষের বিরুদ্ধে হামলা চালাবে না বলেও তিনি উল্লেখ করেন।