ব্রেকআপের পর প্রথম কী করতে হয়?
ফাইল ছবি
প্রেমে ছ্যাকা খেয়ে ব্যাকা’ হয়ে আছেন, কারো সঙ্গেই মনের কষ্ট শেয়ার করতে পারছেন না, ব্রেকআপের পর কী করবেন বুঝেও উঠছেন না? আপনার মনের অবস্থা আমরা বুঝি। আপনার জন্যই ঢাকা মেইলের লাইফস্টাইলের আজকের এই প্রতিবেদন। নিজেকে শান্ত করুন। একটু সময় নিয়ে জানুন আপনার করণীয় কী।
ব্রেকআপ কী?
ব্রেকআপ ( break up) একটি ইংরেজি শব্দ যার অর্থ বিচ্ছেদ হওয়া। দুইটি মানুষের রোমান্টিক সম্পর্ক এক সময় ভেঙে গেলে সেটিকে ব্রেকআপ হওয়া বা বিচ্ছেদ বলে। আর বিচ্ছেদ সবসময়ই যন্ত্রণাদায়ক। নিজের চেনা পৃথিবীটা হঠাৎ করেই যেন পাল্টে যায়। এই অবস্থায় নিজেকে সামলানো মুশকিল। তাই চলুন জেনে নেওয়া যাক, বিচ্ছেদের পর করণীয়গুলো-
ব্রেকআপের পর বাস্তবতা মেনে নিন।
ব্রেকআপের পর করণীয়
মেনে নেওয়া: প্রথমে আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে আপনার জীবনে সেই প্রিয় মানুষটি আর নেই। সে এখন আপনার এক্স (EX) বা প্রাক্তন। তাকে ছাড়াই বাকি জীবন ভাবতে শুরু করতে হবে।
নিজের ক্ষতি না করা: ব্রেকাআপের পর আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি তা হলো নিজের ক্ষতি করা, নিজেকে কষ্ট দেওয়া। তাই সারাদিন কান্নাকাটি করে না খেয়ে থাকা যাবে না। হাত-পা কাটাকাটি, এমনকি নিজেকে শেষ করে দেওয়ার মতো আত্মহননের পথও বেছে নেওয়া যাবে না। কোনো অবস্থাতেই নিজের ক্ষতির চিন্তাও মাথায় ঠাঁই দেবেন না। এ ধরনের চিন্তা এলে কাছের কোনও বন্ধু-বান্ধব, আত্মীয় বা পরিচিত কারোর সঙ্গে কথা বলুন যাকে আপনি ভরসা করতে পারেন।
নিজেকে ভালোবাসা: বাস্তবতার মেনে নেওয়ার পর নিজেকে বরং আগের চেয়ে আরও বেশি ভালোবাসুন। নিজেকে উপহার ও ট্রিট দিন। ছবি তুলুন। সামাজিক যোগযোগমাধ্যমে সেসব শেয়ার করুন। সম্পর্কের অগ্রাধিকার ঠিক রাখতে গিয়ে যেসব শখ বা ইচ্ছে এতদিন ধরে অপূর্ণ রয়ে গেছে সেগুলো পূরণ করুন। জীবন কবিতার মতো সুন্দর। বাস্তবতা মেনে নিতে পারলে দুঃখগুলোও বিরহের কবিতার মতো মধুর লাগবে। মনে রাখবেন, ব্রেকআপ মানেই জীবনের শেষ নয়, জীবনকে নতুন করে ভাবার আরও একটি সুযোগ।
ব্রেকআপ মানেই জীবনের শেষ নয়, নতুন শুরু।
ব্রেকআপ পরবর্তী রুপচর্চা: এতদিনে নিশ্চয় নিজের চেহারা ও শরীরের বারোটা বাজিয়ে ফেলেছেন! তাই, আজ থেকেই নিজের যত্ন নেওয়া শুরু করুন। ‘এক্সে’র জন্য বরাদ্দ উপহারের বাজেট দিয়ে নিজের জন্য ভালো মানের প্রসাধনী কিনুন। নিজেকে আগের চেয়ে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন। মনে রাখবেন, আয়নায় নিজেকে দেখার পর ব্যথা ভুলে সাফল্যের হাসিটা আপনাকে হাসতেই হবে।
ঘরের সাজসজ্জায় পরিবর্তন: ব্রেকআপের পর ঘরের সাজসজ্জার পরিবর্তন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে করে আপনার ঘরে নতুনত্ব আসবে। আর পুরনো স্মৃতির অলিগলি ভুলতে হলে চেনা গলি আপনাকে ছাড়তেই হবে। আপনার ঘরের সাজসজ্জার পরিবর্তন কিছুটা হলেও সে সুযোগ খোলে দেয়।
নিজেকে আবিষ্কার করুন: গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন, নিজেকে জানুন। আর নিজেকে জানার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে ভ্রমন। নতুন জায়গা, নতুন পরিবেশ ও নতুন মানুষ, নতুন আবহাওয়া আপনার শরীর ও মনকে চাঙ্গা করে তুলবে। তাই ইতিবাচক সবকিছুকে হ্যাঁ বলুন। মানুষের ওপর নির্ভরশীলতা কমিয়ে একাই বেরিয়ে পড়ুন নতুন অভিযানে-আত্মসন্ধানের।
ব্রেকআপের পর মন খুলে কাঁদুন
আবেগ চেপে না রাখবেন না। কান্না পেলে মন খুলে কাঁদুন। এরপর সুন্দর করে এক কাপ চা বানান। নিজের পছন্দের কোনো বই নিয়ে বারান্দায় বসে পড়ুন। ধীরে ধীরে চা পান করুন আর বইয়ের কাহিনিতে ডুবে যান। ব্রেকআপের পর অনেকে অপমানে কাঁদতেও ভুলে যান।
ব্রেকআপের স্ট্যাটাস ও ব্রেকআপের সায়েরি পড়তে পারেন
ব্রেকআপের পর অতি কষ্টে কারো কারো বুকের ভেতর দীর্ঘদিনের কান্না আটকে থাকে। অনেকে অপমানে কাঁদতেও ভুলে যান। তবে কান্না আটকে রাখায় কোনও উপকার নেই। বরং ব্রেকআপ সাইরি, কবিতা পড়ে কেঁদে মনের কষ্ট সব বের করে নিজেকে হালকা করুন। এক্সকে ভুলে যাওয়ার সঙ্গে তার দেওয়া কষ্টটাকেও ভুলে যেতে চেষ্ট করুন।
ব্রেকআপের পর প্রাক্তনকে মনে করা যাবে কী?
এক্স বা প্রাক্তনকে বারবার মনে না করা: বিচ্ছেদের পর এক্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন না। সে নিজ উদ্যোগে যোগাযোগ করে ক্ষমা চাইবে, আপনার কাছে ফিরে আসবে এমন কোনকিছুই আশা করবেন না। এমনকি, ব্রেকআপ ক্যাপশন খুঁজে খুঁজে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কিংবা ব্রেকআপ নিয়ে কষ্টের স্ট্যাটাসও শেয়ার করবেন না।
তবে সম্পর্কের বিষয়ে আগে থেকে সবাই অবগত থাকলে একটি ব্রেকআপ স্ট্যাটাস দিয়ে সবাইকে সেটা জানিয়ে দিতে পারেন।
ব্রেকআপের পর প্রতিশোধের নেশায় একে-অপরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি না করাটাই ভালো।
প্রেমিক-প্রেমিকার কাছে শেষ চিঠি: সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকেই ব্রেকআপের পর এক্সের কাছে শেষ চিঠি লিখেন। আপনাদের সম্পর্কটা যদি সম্মানের সঙ্গে শেষ হয়ে থাকে তবে সেটি নিয়ে একটি চিঠি আপনি লিখতেই পারে। তবে রাগের বশবর্তী হয়ে কিংবা প্রতিশোধের নেশায় একে-অপরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি না করাটাই ভালো।
ডায়েরি লিখুন: নিজেকে প্রকাশ করতে, নিজের আবেগকে ভাষা দিতে ডায়েরি লিখুন। এতে মনের অবস্থার উন্নতি-অবনতি বুঝতে পারবেন। সে অনুযায়ী নিজের যত্ন নিতে পারবেন।
ডেটিংয়ের তাড়াহুড়া নয়: অধিকাংশ মানুষই এই ভুলটা করেন। ব্রেকআপের পরপরই নতুন আরেকটা সম্পর্কে চলে যান যা মোটেও উচিত নয়। নিজেকে হৃদয়ের ঘা আগে সারিয়ে না তোলে সেখানে আরেকজনকে স্থান দিতে চাওয়া বোকামি। এতে নতুন সম্পর্কটা অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে। তাই, তাড়াহুড়া করে কোনও সম্পর্কে জড়াবেন না। নতুন সম্পর্কের জন্য নিজেকে আগে প্রস্তুত করুন। প্রয়োজনে এ বিষয়ে বিশেষজ্ঞদের সহায়তা নিন।