মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩

মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩

প্রতিকি ছবি

মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন দেওয়ার ঘটনার মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ভাটারাবাদ গ্রামের বাসিন্দা ও দিগরাজ বাজারের টাইলস ব্যবসায়ী মো. ওহিদুজ্জামানের কাছে বেশ কিছুদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন একই এলাকার মো. কামরুল, সোহাগ, নাজির শেখ ও জুয়েল।

চাঁদা না দিলে তাকে গাড়ি নিয়ে পথে ঘাটে চলতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়ে আসছিল তারা।

ব্যবসায়ী ওহিদুজ্জামান চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা ক্ষিপ্ত হয়ে গত ২০ জুন দিবাগত রাত পৌনে ৪টার দিকে ওহিদুজ্জামানে বাড়ির গ্যারেজে থাকা প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ির ডান পাশের পিছনের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।

সেই প্রেক্ষিতে শনিবার (৪ জুলাই) রাতে থানায় কামরুল, সোহাগ, নাজির ও জুয়েলের বিরুদ্ধে মামলা করেন ওহিদুজ্জামান। মামলার প্রেক্ষিতে ওই রাতেই তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, গাড়িতে আগুন দেওয়ার ঘটনার মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।