তুরাগ নদে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
প্রতিকি ছবি
গাজীপুরের টঙ্গী তুরাগ নদে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটে রবিবার সকাল ১০টায় টঙ্গী আরিচপুর মিরেশপাড়া নদীবন্দর খাজা বাবা মসজিদের পাশে তুরাগ নদে।
নিহতরা হলো- টঙ্গীর পূর্ব আরিচপুর বউ বাজার এলাকার আনিসুর রহমানের ছেলে শামীম মিয়া(১৩) ও একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১২)।
তারা উভয়ই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তারা উভয়ই আরিচপুর বৌ-বাজার এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতেন।
এলাকা সূত্রে জানা যায়, রবিবার সকাল নয়টায় স্থানীয় টঙ্গীর মিরেশপাড়া বালু মাঠে সহপাঠিদের সাথে ফুটবল খেলতে যায় শামীম ও আফনান। পরে খেলা শেষে খাজা বাবা মসজিদের পাশে নদের ঘাটে গোসল করতে নামে শামীম, আফনান, রাব্বী, সাজিদ, শীপন ও রেহানসহ ছয় বন্ধু।
এসময় শামীম ও আফনান একটু গভীরে চলে গেলে নদের শ্রোতে টেনে নিয়ে যায়। পরে তারা সাঁতার কাটতে না জানায় পানিতে তলিয়ে যায়। এ ঘটনার পর সহপাঠিরা দ্রুত শামীম ও আফনানের বাসায় খবর দিলে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদ থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে টঙ্গী নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।