পাবনায় পিস্তল-গুলিসহ গ্রেফতার ৭

পাবনায় পিস্তল-গুলিসহ গ্রেফতার ৭

প্রতিকি ছবি

পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের এনসিডিপি গোয়ার্স মার্কেটে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় চারপাশ থেকে ঘিরে ধরে সাতজনকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ইকবাল হোসেন ইমন (৩১), নাজমুল হাসান (৩০), সজীব (২৭), তুষার ইমরান (৩৩), জনি ইসলাম (৩০), রতন ইসলাম (১৯), সাজাদুর রহমান (২১)।  

রবিবার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলের একটি চৌকির নিচ থেকে একটি সচল বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে থাকা পাঁচ রাউন্ড ৭.৬৫ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, উদ্ধার হওয়া অস্ত্রটি ইকবাল হোসেন ইমনের হেফাজতে ছিল।

তবে অস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র তারা দেখাতে পারেনি।

পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও মূল হোতাদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।