দূষিত শহরের শীর্ষে লাহোর, ঢাকার বায়ুমান সহনীয়

দূষিত শহরের শীর্ষে লাহোর, ঢাকার বায়ুমান সহনীয়

ফাইল ছবি

বিশ্বের অন্যান্য বহু শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভুগছে। তবে সবশেষ বায়ুর মান সূচক অনুযায়ী, শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, সোমবার (৬ জুলাই) সাতসকালে ঢাকার স্কোর ৬২। এই স্কোর অনুযায়ী, বায়ুর মান মাঝারি পর্যায়ে রয়েছে। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ৩৬তম।

একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া, ১৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর, ১৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং পঞ্চম অবস্থানে থাকা ইসরাইলের তেল আবিব শহরের স্কোর ১২৮। 

বিশেষজ্ঞদের মতে, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজ থেকে উড়তে থাকা ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমনই বায়ুদূষণের প্রধান উৎস।

তাদের মতে, এসব উৎস থেকে দূষণ কমাতে কার্যকর ও ধারাবাহিক উদ্যোগ না নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি সম্ভব নয়।

তাই সাময়িক স্বস্তির পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা। 

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।