কসবায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এবং বাদৈর ইউনিয়নের হাতুড়েবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মূলগ্রাম-বাদৈর ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশাচালকদের দুটি পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে দুই গ্রামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।
এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে শ্যামবাড়ি গ্রামের এক বাসিন্দার মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হাতুড়েবাড়ি গ্রামের একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও অটোরিকশাচালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও পূর্বের বিরোধের কারণে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজনও যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরে মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষের লোকজন দা, ছুরি, রামদা, বল্লম ও ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে তিনলাখপীর-চারগাছ সড়কে অবস্থান নেওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতরা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে