মাদারীপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসামি ছিনতাই
প্রতিকি ছবি
মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেফতারের পর বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ব্যাপারীকে গ্রেফতার করা হয়। পরে তার ফেলে যাওয়া ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পারভেজের সহযোগীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, পারভেজকে গ্রেফতারের পর অস্ত্র উদ্ধারের জন্য তাকে একটি পুকুরপাড়ে নেওয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। পাশাপাশি পলাতক পারভেজ ব্যাপারীকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।