কুমিল্লায় ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত
সংগৃহীত ছবি
কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ দোকান বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। নগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চলমান অভিযানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন। তিনি জানান, গত কয়েকদিন ধরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমানো এবং ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং, লিখিত নোটিশ ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, বারবার সতর্ক করার পরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনের ফুটপাত দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দিয়ে আসছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো সারা ব্রয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।
সোমবার (৬ জুলাই) কুমিল্লা সিটি কর্পোরেশনের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়, একাধিকবার নোটিশ প্রদান, মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনে অবৈধ হকার ও ভ্যানগাড়ি বসাতে সহযোগিতা করে আসছিল। তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন জানিয়েছে, প্রচলিত আইন লঙ্ঘন করে নগরীতে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করায় সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।