এইচএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বহিষ্কার ৪৩

এইচএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বহিষ্কার ৪৩

সংগৃহীত ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে ‘অসদুপায় অবলম্বনের’ কারণে ৪৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষাতেই বহিষ্কৃত হয়েছেন ৪৩ জন।

সোমবার এইচএসসিতে ইংরেজি প্রথম পত্র, আলিমে বাংলা প্রথম পত্র এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সব মিলিয়ে এদিন মোট ৩৩ হাজার ১২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৫ হাজার

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এদিন ১ হাজার ৬২০টি কেন্দ্রে এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হয়।

‘অসদুপায়’ অবলম্বনের জন্য ঢাকা বোর্ডে ১০ জন, রাজশাহী বোর্ডের ৩ জন, কুমিল্লা বোর্ডের ৮ জন, যশোর বোর্ডে ৩ জন, সিলেট বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডের ৪ জন, দিনাজপুর বোর্ডের ৭ জন ও ময়মনসিংহ বোর্ডের ৭ জনকে বহিষ্কার করা হয়।

নয়টি সাধারণ বোর্ডের এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৯ লাখ ৯৭ হাজার ২১ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৩৪ জন।

আলিমের বাংলা প্রথমপত্রে বহিষ্কার

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা প্রথম পত্র পরীক্ষায় দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কারের খবর দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটির তথ্য বলছে, আলিমের ৪৬০টি কেন্দ্রে ৮৩ হাজার ৩৩৩ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৭৮ হাজার ১৮১ জন। সে হিসাবে ৫ হাজার ১৫২ জন অনুপস্থিত ছিলেন।

ভোকেশনাল-বিএমটি-ডিপ্লোমা ইন কমার্সের তৃতীয় দিনে বহিষ্কার

এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার তৃতীয় দিনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ পরীক্ষায় ২ হাজার ৯৪৩ জন অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এদিন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষা হয়।

কমিটি জানিয়েছে, এসব কেন্দ্রে ৮৩ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ৮০ হাজার ৮৩৩ জন।