মেহেরপুরে চুরির ২৯ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ১
প্রতিকি ছবি
মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামে নির্মাণ কাজ চলাকালে চুরি হওয়া প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোমিন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মোমিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আলম খানের ছেলে।
পুলিশ জানায়, কুয়েতপ্রবাসী শাহিন আলীর পরিবারের সদস্য নার্গিস খাতুন চোরের ভয়ে বাড়ির মাটির নিচে স্বর্ণালংকার পুঁতে রেখেছিলেন। পরে বাড়িতে টাইলস বসানোর কাজ চলাকালে সেগুলো চুরি হয়ে যায়। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোর্শেদ চৌধুরী জানান, সাব-ইন্সপেক্টর জহুরুল ইসলাম, সাব-ইন্সপেক্টর গোলাম সরোয়ার, সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ, কনস্টেবল সুইট ও কনস্টেবল শরিফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি দল অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার এবং চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে। তিনি আরও জানান, চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।