হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ৩২ শিশুর শরীরে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৯ শিশুর মৃত্যু হয়েছে।
আর নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৪২ শিশু মারা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ২১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮১৯। এই সময়ে ৭৮৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৮২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ সাত হাজার ৩৮৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার চার। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯০ হাজার ৫২২ রোগী, তাদের মধ্যে ৮৬ হাজার ৮৪৪ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।