ঢামেক হাসপাতাল এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢামেক হাসপাতাল এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকালে হাসপাতালের কর্মচারীদের কাছ থেকে খবর পেয়ে জরুরি বিভাগের পেছনে গিয়ে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।